ভোলার দৌলতখান উপজেলার চরনিয়ামতপুর এলাকায় মহিষ ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড।
এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি বগিদা এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত চরনিয়ামতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা।
আটক ব্যক্তিরা হলেন— দৌলতখান থানার চরপাতা গ্রামের কয়ছর মাঝি (৬০), তাঁর ছেলে মো. আপন (২৬), ভবানীপুর গ্রামের মো. মফিজ খনকার (৬০) এবং ভোলা সদর থানার ধরিয়াম সংকর গ্রামের কোবির পঞ্চায়েত (৬২)।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরনিয়ামতপুর এলাকায় একদল ডাকাত মহিষ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। পরে ওই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে একটি ব্যারেলবিহীন আগ্নেয়াস্ত্রসহ দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি দেশীয় অস্ত্র (বগিদা) এবং ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা ভোলা সদর ও দৌলতখান উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।