চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হলো কিশোরকে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেন থেকে আবু হুরায়রা (১৪) নামে এক কিশোরকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে তার এক পা এবং হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য পা’ও।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় তার অস্ত্রোপচার শুরু হয়।

হাসপাতালে আহত আবু হুরায়রার বাবা মো. আলআমিন জানান, তাদের বাড়ি নরসিংদির বেলাবো থানার ওয়ারি বটেশ্বর গ্রামে। কুমিল্লার লাঙ্গলকোর্ট এলাকায় একটি ক্যাডেট সে মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত। কোরআনের ২০ পারার হাফেজ হয়েছে। তিনি থাকেন কুমিল্লা সদর হুজদাড়ি এলাকায়। সেখানে ফুটপাতে টুপি বিক্রি করেন। মাদ্রাসায় নিয়মিত পড়ালেখা না করায় বর্তমানে বাবার দোকানে বেচাকেনা করত হুরায়রা।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় দোকান থেকে বেরিয়ে যায় হুরায়রা। এরপর আর বাসায় ফিরেনি। বৃহস্পতিবার সকালে অচেনা নাম্বার থেকে ফোন করে তাকে জানানো হয়, বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়েছে তার ছেলে। পরে তিনি কুমিল্লা থেকে ঢাকায় এসে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন দেখতে পান হুরায়রাকে। 

ছেলের কাছ থেকে তখন জানতে পারেন, কুমিল্লা থেকে পরিচিত একজনের সাথে ঘুরতে ঢাকায় আসার জন্য বুধবার রাতে সে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার ভোরে কমলাপুর পৌছায়। তখন ভালো না লাগায় কমলাপুর থেকে চট্টলা এক্সপ্রেস নামে ট্রেনে আবার রওনা দিয়েছিল।

আহত কিশোরের মা জানান, বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেনেই তার সাথে থাকা একজন তার মানিব্যাগ নিয়ে নেয়। এরপর ফোন, হাত ঘড়ি নিয়ে তাকে ট্রেনের দরজার সামনে থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখনই সে ট্রেনের নিচে চলে যায়। তার বাম পা হাটুর কাছ থেকে এবং বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পা’ও ঝুলে আছে।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মাহবুব জানান, বিমানবন্দর এলাকায় ট্রেন থেকে পড়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে জানতে পেরেছি। তবে সে কীভাবে পড়ে গেছে, নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে সেটি এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

অপরদিকে খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মিঠু (২৫) নামে এক যুবক আহত হয়েছে। সে পেশাদার ছিনতাইকারী বলে জানায় পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ওই যুবক পেশাদার ছিনতাইকারী ও চুরি করত। ট্রেনের ছাদে ছিনতাই করে সে। বাড়ি চাঁদপুর। বেলা সাড়ে ১২টার দিকে তারা খবর পান, খিলগাঁও এলাকায় রেললাইনের পাশে আহত অবস্থায় সে পড়ে আছে। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত