অকথ্য ভাষায় গালাগালের শিকার হয়েছেন সংসদে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার অভিযোগ, জাতীয় সংসদের অধিবেশনে গত বুধবার তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এ ধরনের আচরণ কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

বুধবার ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিলের আলোচনায় রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে সরকারদলীয় সদস্যদের মধ্যে হইচই হয়, অনেকে অশোভন ভাষা প্রয়োগ করেন। ওই ঘটনার প্রসঙ্গ টেনে রুমিন বলেন, বিল নিয়ে কথা বলতে গিয়ে তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাতে সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ আছে কি না, তা নিয়েই তার মনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, বিলের ব্যাপারে কথা বলতে গিয়ে গতকাল আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেন্ট ভয়েস রেইজ করা যায় বলে আমার মনে হয়নি। তার বক্তব্যের কোনো বিষয়ে আপত্তি থাকলে বক্তব্য শেষ হওয়ার পর দাঁড়িয়ে তার জবাব দেওয়া যেত। কিন্তু বক্তব্য চলাকালে এবং পরে সংসদে যে ধরনের আচরণ হয়েছে, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হওয়ার কথা নয়।

এ সময় সরকারি দলের সদস্যদের হইচই করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাত দিয়ে থামার ইশারা করেন। তিনি বলেন, সংসদে বাকস্বাধীনতার পক্ষে তিনি। সরকারি দল কিংবা বিরোধী দলের কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় প্রতিপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া উচিত নয়। গতকাল বুধবার যা হয়েছে, তা হয়ে গেছে এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত