বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভা-ারি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে বিরোধীদলীয় নেতা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে শোক প্রকাশ করেছেন। এ সময় তিনি রাষ্ট্রদূতের কাছে নেপালের সর্বশেষ পরিস্থিতি জানতে চান।

নেপালের রাষ্ট্রদূত সহানুভূতি প্রকাশ করায় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা প্রেরণের কথা উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত তাকে ধন্যবাদ দেন।

নেপালে চলমান উদ্ধার তৎপরতা, সেখানকার মানুষের দুর্ভোগ, ভূমিধসজনিত ধ্বংসযজ্ঞ ও ক্ষতি সম্পর্কেও নেপালের রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। এর প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির নেপালের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জামায়াতের পক্ষ থেকে নেপালের পাশে সর্বোতভাবে থাকার আশ্বাস দেন।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি।

সর্বশেষ সর্বাধিক পঠিত