বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র অর্জনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে সময়ে মত প্রকাশের স্বাধীনতা অবদমিত ছিল, কথা বলা ছিল পাপ, সরকারের বিরুদ্ধে যায়এমন কথা বলা ছিল ঘোরতর অন্যায়, সেই মুহূর্তে আমরা যতটুকু স্পেস পেয়েছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)র সাংবাদিকরা সেইটুকু প্রচার ও প্রকাশ করতে কখনো দ্বিধা করেননি। গতকাল বৃহস্পতিবার ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সাংবাদিকদের ওপরও নানা ধরনের চাপ ছিল। অনেক সাংবাদিককে বিভিন্ন কালো আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় নিগৃহীত হতে হয়েছে। তাদের জেল-জুলুমও সহ্য করতে হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, অনেকে মনে করেন রাজনীতিবিদদের কাজ সবচেয়ে কঠিন। কিন্তু আমি মনে করি, সাংবাদিকদের কাজ সবচেয়ে কঠিন।
দেশের গণতন্ত্রের বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে সংবাদমাধ্যমের বড় ভূমিকা রয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, গণমাধ্যম বা সাংবাদিকতার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই।
অনুষ্ঠানে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান খোকন তালুকদার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের; জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।