লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বাংলাদেশিদের চারটি নৌকা ও পাথর উত্তোলনের সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ধরলা নদীর ‘মাইয়ামরা ঘাট’ সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা জানায়, শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধরলা নদী সীমান্তের ৪ ও ৫ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি শ্রমিক বালু ও পাথর তুলতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার ৬২ বিএসএফ ব্যাটালিয়নের ‘পানিশালা’ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এসময় বিএসএফ সদস্যরা অন্তত পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে শ্রমিকরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন। পরে বিএসএফ নদী থেকে বাংলাদেশি শ্রমিকদের চারটি নৌকা ও পাথর উত্তোলনের সরঞ্জাম নিয়ে যায়।
বিজিবি জানায়, সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে বাংলাদেশি শ্রমিকদের পূর্বেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। ঘটনার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টায় বুড়িমারী ও চ্যাংড়াবান্দা কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে অনুষ্ঠিত বৈঠক আলোচনার বিষয় নিয়ে বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম কোনো মন্তব্য করেননি।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম জানান, বিএসএফের গুলি বর্ষণের ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বর্তমানে সীমান্তে বিজিবির টহল নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।