হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু বলেন, আমীরুল আমাদের ছেড়ে চলে গেছে। রাত ১টা ৭ মিনিটে চিকিৎসক আমাদের খবরটি নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন যাবত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে গত রবিবার রাত ৩টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আমীরুল ইসলাম চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। টেলিভিশনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাদ জুমা শিশু সাহিত্যিকের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানেই তার প্রথম জানাজা হবে।
এরপর বিকাল ৩টায় আমীরুল ইসলামের মরদেহ বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে রাখা হবে। সর্বসাধারণের শ্রদ্ধা জানানো শেষে বিকাল সাড়ে ৩টায় সেখানে দ্বিতীয় জানাজা হবে।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বই শিশুসাহিত্যের। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।