পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান (রেজি. নং- ৮২১৭)-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ই সেপ্টেম্বর (বুধবার) রাত ৯টায় ওমানের ওয়াদি কবীরের কালার অ্যাডভার্টাইজিং ট্রেডিং এসপিসি প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ বাদশা মিয়া সিআইপি।
চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরীর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আমিন সিআইপি।
মাহফিলে আহ্বায়কের দায়িত্ব পালন করেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল হক বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মাজেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিদারুল আলম এবং সাংগঠনিক সম্পাদক কাইমুদ্দিন চৌধুরী সানি,অর্থ সম্পাদক আজম খানসহ এ সময় চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নেতৃবৃন্দ, বৃহত্তর চট্টগ্রাম উইংস সহ বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশি স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মালিকগণ এবং প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩,০০০ প্রবাসীর বিশাল সমাগম ঘটে। উপস্থিত সকলের প্রত্যাশা, আগামীতে সমিতির এই ঐতিহ্যবাহী আয়োজন আরও বড় পরিসরে করা সম্ভব হবে। উক্ত অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সবচেয়ে বেশি সাহায্য করেন আরাফাত ও ফারহাদ।
মাহফিলে ওলামায়ে কেরাম মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, ত্যাগ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মহানবীর (সা.) সুমহান আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রবাসে থেকেও শান্তি, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। তাঁরা যুবসমাজকে মাদকসহ সকল প্রকার অনৈতিক কাজ থেকে দূরে থেকে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের জন্য ঐতিহ্যবাহী মেজবানি আপ্যায়ন করা হয়।