মাদকবিরোধী বিক্ষোভে বাইকে আগুন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ এএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদকমুক্ত সমাজের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষোভের একপর্যায়ে মাদক সরবরাহে ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে দুটি মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় সাধারণ মানুষ একত্র হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে তারা অভিযুক্ত মাদক কারবারি পরিবারের বাড়িতে যান।

সেখানে পরিবারের কোনো পুরুষ সদস্যকে না পেয়ে ক্ষুব্ধ হন বিক্ষোভকারীরা। একপর্যায়ে মাদক সরবরাহে ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা উপস্থিত স্বজনদের মাধ্যমে ওই পরিবারকে জানিয়ে দেন, অবিলম্বে মাদক ব্যবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে না এলে এলাকায় তাদের শক্ত আইনি ও সামাজিক প্রতিরোধের মুখে পড়তে হবে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, পলাশ মার্কেট এলাকার বাসিন্দা আলী এবং তার তিন ছেলে আমিরুল, ফজলু ও আরিফুলসহ পরিবারের সদস্য ও তাদের স্ত্রীরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এলাকাবাসীর দাবি, একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তারা মাদক কারবার চালিয়ে যান।

স্থানীয়দের আরও দাবি, আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫ থেকে ২০টি মাদক মামলা রয়েছে। তারা অধিকাংশ মামলায় জামিনে থাকলেও বড় ছেলে আমিরুল বর্তমানে একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ওই পরিবারের মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। স্থানীয়ভাবে বিভিন্নভাবে চেষ্টা করেও মাদকের বিস্তার ঠেকানো সম্ভব হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান তারা।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় অভিযুক্ত পরিবারের পুরুষ সদস্যরা গা ঢাকা দেওয়ায় তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত