আসছে ‘বকুলপুর সিজন ৩’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘বকুলপুর’ দুই বছরের বিরতি কাটিয়ে ফিরছে নতুন সিজন নিয়ে। গ্রামীণ প্রেক্ষাপটে তালুকদার ও ম-লের দ্বন্দ্ব-কোন্দলের গল্পের প্রথম সিজন ২৬৪ পর্বে এবং দ্বিতীয় সিজন ৭৮৮ পর্বে শেষ হয়। পূর্বের দুটি সিজন কায়সার আহমেদ পরিচালনা করলেও তৃতীয় সিজনের দায়িত্ব নিয়েছেন হাসান রেজাউল। তবে গল্প রচনার ভার যথারীতি আহমেদ শাহাবুদ্দীনের হাতেই থাকছে।

পরিচালক বদলের সঙ্গে বদলেছে গল্পের ধারাও। আগের ধারাবাহিকতা থেকে বেরিয়ে এবার থাকছে সম্পূর্ণ নতুন চরিত্র ও ভিন্ন পটভূমি। প্রেমে সংকট, পারিবারিক ক্রাইসিস ও গ্রাম্য রাজনীতির পাশাপাশি নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে গ্রামীণ ঐতিহ্য যাত্রাপালা। নতুন এ রূপ রূপায়ণে যুক্ত হয়েছেন আজিজুল হাকিম, দীপা খন্দকার, শরাফ আহমেদ জীবন, তাহমিনা সুলতানা মৌ, সুষমা সরকার ও সাইদুর রহমান পাভেলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম লটের চিত্রধারণ। নির্দিষ্ট পর্বসংখ্যার বাধ্যবাধকতা না রেখে দর্শকদের সাড়া ও ভালোলাগার ওপর ভিত্তি করেই এটি সম্প্রচারের পরিকল্পনা রাখা হয়েছে। নির্মাতার মতে, যাত্রাপালার অনুষঙ্গ আর গ্রাম্য দ্বন্দ্বের রসায়ন মিলিয়ে এবারের পর্বগুলো বেশ জমজমাট হতে যাচ্ছে। খুব শিগগির দীপ্ত টিভির পর্দায় নাটকটি দেখার সুযোগ পাবেন দর্শকরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত