ডা. মো. সাইদুর রহমান
সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান রিঅ্যাক্টিভ ফিজিওথেরাপি সেন্টার, তেজগাঁও, ঢাকা
৮ সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব
ফিজিওথেরাপি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ এই দিবসটি বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘কার্ডিওভাসকুলার রোগ ও স্ট্রোকের প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কর্মকা-ের ভূমিকা।’ হৃদরোগ ও স্ট্রোক বর্তমানে বিশ^ব্যাপী অকাল মৃত্যু ও দীর্ঘমেয়াদি অক্ষমতার অন্যতম প্রধান কারণ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তা এসব রোগের ঝুঁকি বাড়ায়। তাই প্রতিরোধের পাশাপাশি রোগের পর সঠিক পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিয়মিত শারীরিক কার্যকলাপ হৃদযন্ত্র ও রক্তনালির সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। হাঁটা, সাইক্লিং, সাঁতারসহ পরিমিত ব্যায়াম রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। তবে হৃদরোগী বা স্ট্রোক রোগীর ব্যায়াম অবশ্যই ব্যক্তির শারীরিক সক্ষমতা ও চিকিৎসাগত অবস্থার ভিত্তিতে নির্ধারণ করা উচিত। অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যায়াম নিয়মিত করতে হবে ।
হৃদরোগের ক্ষেত্রে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন রোগীর সহনশীলতা ও কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ। অন্যদিকে স্ট্রোকের পর ফিজিওথেরাপি রোগীর দুর্বল অঙ্গের কার্যক্ষমতা, ভারসাম্য, হাঁটা, পেশিশক্তি এবং দৈনন্দিন কাজের সক্ষমতা পুনরুদ্ধারে খুবই কার্যকর ভূমিকা পালন করে। ফিজিওথেরাপিস্ট রোগীর অবস্থা মূল্যায়ন করে নিরাপদ ও বৈজ্ঞানিক ব্যায়াম এবং পুনর্বাসন পরিকল্পনা তৈরি করেন। তাই হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হচ্ছে আধুনিক বিশ্বে। সুস্থ হৃদয় ও সক্রিয় জীবনের জন্য নিয়মিত শারীরিক কার্যকলাপ ও প্রয়োজন অনুযায়ী বিজ্ঞানভিত্তিক পুনর্বাসনকে জীবনযাপনের অংশ করা অত্যন্ত জরুরি। নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করুন হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি থেকে মুক্ত থাকুন।