৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর আগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে উৎসবটির মর্যাদাপূর্ণ ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিল এটি।
সমকালীন ঢাকার পটভূমিতে নির্মিত এই ছবিতে জাইনিন নামের এক নারীর বিয়ের প্রস্তুতি ও তার শরীরের অপ্রত্যাশিত রূপান্তরের গল্প তুলে ধরা হয়েছে। নারীবাদী লোক-ভৌতিক ও দেহ-ভৌতিক উপাদানের মাধ্যমে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে কীভাবে নারীর শরীর সামাজিক ও পারিবারিক নিয়ন্ত্রণের কেন্দ্রে পরিণত হয়। অনন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে রুবাইয়াত জানান, নারীরা কীভাবে নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে বা ভয় পেতে শেখে, সেই অন্তরঙ্গ ভাবনা থেকেই ছবির নির্মাণ। আন্তর্জাতিক সমালোচক ও মিডিয়া মাধ্যম ‘ইন্ডিওয়্যার’ দক্ষিণ এশিয়ার বিয়ের ঐতিহ্যকে এমন নারীবাদী ভৌতিক চলচ্চিত্রে রূপান্তরের ভূয়সী প্রশংসা করেছে।