বসুন্ধরা-মোহামেডান এবারও একই গ্রুপে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ এএম

ক্লাবগুলোর আপত্তি ও জাতীয় দলের ব্যস্ত সূচি আমলে না নিয়ে নির্ধারিত সময়েই ঘরোয়া ফুটবল মৌসুম শুরু করার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে বলে জানিয়েছে লিগ কমিটি। শনিবার বাফুফে ভবনে লিগ কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সূচি বহাল রাখার কথা জানান।

মোহামেডানের নেতৃত্বে কয়েকটি ক্লাব ঘরোয়া মৌসুম শুরুর সময়সূচি নিয়ে আপত্তি জানিয়ে বাফুফে সভাপতি বরাবর চিঠি দেয়। একই সঙ্গে লিগ কমিটি পুনর্গঠনের দাবিও জানায় তারা। জাতীয় দলের ব্যস্ততার মধ্যে লিগ শুরু হলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পাওয়ায় ক্লাবগুলো পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে না, এমন যুক্তিও তুলে ধরা হয়। ক্লাবগুলোর চিঠির বিষয়ে ইমরুল হাসান বলেন, ‘লিগ কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। রবিবার বাফুফে সভাপতির সঙ্গে এ বিষয়ে আলোচনা হতে পারে। এরপর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্লাবগুলোর সঙ্গে বসার কথা রয়েছে।’

জাতীয় দলের আন্তর্জাতিক সূচির সঙ্গে ঘরোয়া ফুটবলের সংঘাত নিয়েও প্রশ্ন উঠেছে। এবার এশিয়ান কাপ চলাকালেও লিগের দুটি রাউন্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমন সিদ্ধান্ত আগে কখনো নেওয়া হয়নি। এ বিষয়ে ইমরুল বলেন, ‘লিগ শুরু করার স্বার্থেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি জানান, এবার পরিস্থিতিও আগের চেয়ে ভিন্ন। লিগ এখনো শুরু না হলেও জাতীয় দলের ক্যাম্প অনেক আগেই শুরু হয়েছে। অন্যদিকে লিগ চলমান থাকলে ফিফা উইন্ডোর সময় সাধারণত খেলা বন্ধ রাখা হয়।

তবে জাতীয় দলের খেলোয়াড়দের অনুপস্থিতিতে ক্লাবগুলোর পূর্ণ শক্তির দল গড়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর আসিয়ান কাপ খেলতে জাতীয় দলের ইন্দোনেশিয়া যাওয়ার কথা রয়েছে। পরদিন ২০ সেপ্টেম্বর শুরু হবে ফিফা উইন্ডো। জাতীয় দলে মোহামেডানের ৯ ফুটবলার রয়েছেন। বসুন্ধরা কিংস, আবাহনী ও ফর্টিজ এফসিরও একাধিক খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে আছেন।

ফেডারেশন কাপের ড্র : গত ফেডারেশন কাপের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও মোহামেডান এবার শিরোপার লড়াই শুরু করবে একই গ্রুপে থেকে। ২০২৪-২৫ মৌসুমের ফাইনালে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। নতুন মৌসুমে ফেডারেশন কাপের ড্রয়ে বি- গ্রুপে জায়গা পেয়েছে দেশের ফুটবলের অন্যতম দুই পরাশক্তি। মজার ব্যাপার, গতবারও গ্রুপ পর্বে একই গ্রুপে খেলেছিল তারা।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের ড্র। রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী পড়েছে এ- গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে ফর্টিজ এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি।

এ- গ্রুপে আবাহনীর সামনে তুলনামূলক সহজ সমীকরণ। প্রতিপক্ষদের মধ্যে শুধু ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের রয়েছে ফেডারেশন কাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা। ব্রাদার্স ইউনিয়ন সবশেষ ২০১৫ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল। আর রহমতগঞ্জ সর্বশেষ ফাইনালে খেলেছিল ২০২১-২২ মৌসুমে। অন্য দলগুলোর কেউ এখনো ফেডারেশন কাপের ফাইনালে উঠতে পারেনি। আবাহনী সবশেষ ২০২১-২২ মৌসুমে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। এরপর দুবার ফাইনালে উঠলেও ট্রফি ঘরে তুলতে পারেনি তারা। ২০২২-২৩ মৌসুমে মোহামেডানের কাছে এবং ২০২৪-২৫ মৌসুমে বসুন্ধরা কিংসের কাছে হেরে রানার্সআপ হয় আকাশি-নীলরা।

অন্যদিকে বি- গ্রুপে কিংস ও মোহামেডানের সঙ্গে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ফেডারেশন কাপে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। তাদের সর্বশেষ শিরোপা আসে ২০২২-২৩ মৌসুমে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঝুলিতে রয়েছে পাঁচটি শিরোপা। ফলে বি- গ্রুপে শুরু থেকেই দুই জায়ান্টের লড়াই বাড়তি উত্তাপ ছড়াবে।

এদিকে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের ভেন্যু তালিকায় থাকছে না কিংস অ্যারেনা। গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনাল সেখানে আয়োজন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। লটারির মাধ্যমে ভেন্যু নির্ধারণ হলেও সেই বিতর্ক এড়াতেই এবার কিংস অ্যারেনায় কোনো ম্যাচ রাখা হয়নি বলে জানিয়েছেন ইমরুল। ফেডারেশন কাপের কিছু ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও রয়েছে বাফুফের। জাতীয় দলের কোনো বাধ্যবাধকতা না থাকলে প্রতিটি ম্যাচই সেখানে আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত