জয় দিয়ে জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শুরু করেছিল, জয় দিয়েই শেষ করল বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল। গতকাল শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম হয়েছে লাল-সবুজের মেয়েরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। যদিও গোলমুখে বারবারই সুযোগ নষ্ট হয়েছে। শেষ পর্যন্ত প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে গোলের সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। এরপর চতুর্থ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার। দারুণ এক ফিল্ড গোলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন। তবে ম্যাচের শেষ দিকে ৫৯ মিনিটে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তাতে অবশ্য বাংলাদেশের জয় আটকাতে পারেনি তারা। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে চার ম্যাচে ২২ গোলে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেখানে জাপানের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার সরাসরি সুযোগ শেষ হয়ে যায়। প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেতে হলে অন্তত সেমিফাইনালে উঠতে হতো বাংলাদেশকে। যদিও একটা পথ এখনো খোলা। যদি আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ ভারতে হয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলে সংশ্লিষ্ট মহাদেশ থেকে আরেকটি দেশ সুযোগ পায়। যেহেতু বাংলাদেশ পঞ্চম হলো, তাই সুযোগটা বাংলাদেশই তখন পাবে।
ছেলেরা সপ্তম : এদিকে চাইনিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়ে বাংলাদেশের ছেলেরা সপ্তম হয়েছে। চীনের ইনার মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত ছেলেদের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে মুন্না ইসলামের গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। তবে প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে সমতায় ফেরে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের নবম মিনিটে সাব্বিরের পাস থেকে মোহাম্মদ রিফাতের দারুণ ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে চাইনিজ তাইপে ২-২ সমতায় ফিরলেও পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে তায়েব আলীর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। কোয়ার্টারের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মোহাম্মদ রিফাত। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবদুল্লাহর দুর্দান্ত ফিল্ড গোলে ব্যবধান দাঁড়ায় ৫-২। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে জাইলস বোনেটের দল।