কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

কবি, সমাজসেবক ও সংগঠক সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গত শুক্রবার রাত ৮টায় তিনি পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর হোসায়নী দালান ইমামবাড়ায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাত রওজার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

পুরান ঢাকার সাত রওজা মহল্লায় একটি মুঘল পরিবারে ১৯৫০ সালের ১৪ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার জমিদার। সৈয়দ মোহাম্মদ তাকি বিভিন্ন সময়ে হোসেনী দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য, জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পুরান ঢাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের তিনি আমৃত্যু মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তাকি মোহাম্মদের কুলখানি ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব পুরান ঢাকার হোসেনী দালানে এবং বাদ এশা সাত রওজা খাজা নেহাল মসজিদে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত