প্রিমিয়ার লিগে চরম গোলখরা ও হতাশাজনক শুরুর মধ্য দিয়ে সময় কাটাচ্ছে টটেনহ্যাম হটস্পার। চলতি মৌসুমের প্রথম চার ম্যাচে একটি গোলের দেখাও পায়নি রবার্তো ডি জেরবির দল। এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর গত শনিবার ঘরের মাঠে দর্শকদের দুয়ো শুনেছে স্পার্সরা।
টটেনহ্যামের এই খরা লুফে নিতে ভুল করেনি জনপ্রিয় পিজ্জা চেইন ডমিনোজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটিকে নিয়ে আবারও রসাত্মক মন্তব্য করে তারা লিখেছে:"প্রিমিয়ার লিগে স্পার্সের সর্বশেষ গোলের পর থেকে আমরা ৪,৮৯,২৯,৭৪,৭৮টি পিজ্জা ডেলিভারি করেছি।"
গত ২৪ মে এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে জোয়াও পালিনিয়ার করা গোলটিই ছিল প্রিমিয়ার লিগে টটেনহ্যামের শেষ গোল। এরপর টানা চার ম্যাচ জালের দেখা না পাওয়ায় পয়েন্ট টেবিলের ১৭তম অবস্থানে নেমে গেছে দলটি।
কোচ ডি জেরবির অজুহাত ও মানসিক ব্লকের কথা
টানা চার ম্যাচ জয়হীন ও গোলশূন্য থাকায় কোচ রবার্তো ডি জেরবির ওপর চাপ বেড়েই চলেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের এই পরিস্থিতির জন্য প্রি-সিজনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দীর্ঘ সফর, একের পর এক ইনজুরি এবং খেলোয়াড়দের ফিটনেস ঘাটতিকে দায়ী করেছেন তিনি। ইতালিয়ান এই কোচ বলেন, দলে একটি 'মানসিক ব্লক' তৈরি হয়েছে: "ইতালিতে একটি শব্দ আছে—'sbloccarsi'—যার অর্থ হলো আমরা যদি নিজেদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে পারি। এটি মূলত একটি মানসিক ব্লক, কারণ চার ম্যাচ ধরে কোনো জয় নেই, কোনো গোল নেই... খেলোয়াড়দের জন্য এটি বেশ কঠিন।"
আগামী ১৯ সেপ্টেম্বর ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ দিয়ে খরা কাটিয়ে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম গোলের দেখা পেতে মুখিয়ে আছে উত্তর লন্ডনের ক্লাবটি।
আগে ছিল ৫-০, উ. কোরিয়ার সঙ্গে এবার কি হবে, যা বললেন বাটলার