পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি অপারেশন ৩৬ জনের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং বরিশালের গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৪০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ছানি অপারেশনের জন্য ৩৬ জন রোগীকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত রোগীদের বরিশালে নিয়ে গিয়ে থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনের মাধ্যমে ছানি অপারেশন করা হবে।

ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সংগঠনের উদ্যোগে এর আগেও একাধিকবার এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। সময়মতো চিকিৎসা না নেওয়া ও অবহেলার কারণে অনেকে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে পড়েন। অনেকেই ছানি রোগে ভুগছেন। এসব অসহায় মানুষের কথা চিন্তা করেই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের এমন উদ্যোগে স্থানীয় রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত