ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু হয়েছে। এরা হলেন, গুলশান থানার মামলার আসামি আব্দুল মাবুদ (৫৮) ও নেত্রকোনার আটপাড়া থানার হত্যা মামলার আসামি আব্দুল বারেক (৭০)।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ও দুপুরে হাসপাতালে এই দুজনের মৃত্যু হয়।
কারাগার সূত্রে জানা যায়, আব্দুল বারেকের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানায়। সেখানকার একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি তিনি। বন্দি ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাগারের ভেতর শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেলের সিসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।
অপরদিকে, রাজধানীর গুলশান থানার একটি মামলার আসামি আব্দুল মাবুদ। আমেরিকা এম্বাসিতে ঢুকে পড়ায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় তিনি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। রবিবার দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তখন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।