ক্যামেরা ও মঞ্চের ক্যানভাসে সমতার সুর

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ম্যাজেন্ডা প্রকল্পের উদ্যোগে জাতীয় ভিডিওগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় ছিলেন শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি ও কিষাণ থিয়েটার।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে দেশের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৮টি শিক্ষার্থী দলের মধ্য থেকে বিজয়ী সেরা ৩টি দলকে মোট ৫০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম পুরস্কার বিজয়ী দল পায় ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দল পায় ১৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী দল পায় ১০ হাজার টাকা।

শেকৃবি গবেষণা সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যাজেন্ডা শেকৃবি প্রজেক্টের সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি ছাত্র পরিচালক অধ্যাপক আশাবুল হক।  

প্রতিযোগিতায় জেন্ডার ইকুয়ালিটির ওপর ভিত্তি করে নির্মিত ২৭টি ভিডিওর প্রশংসা করে তিনি বলেন, নারী-পুরুষ বিভেদ ভুলে সবাইকে একত্রে কাজ করতে হবে। একটি হাত কর্মক্ষম আর অন্যটি নিষ্ক্রিয় থাকলে প্রগতি সম্ভব নয়, দুই হাতকে সমানভাবে কাজে লাগিয়েই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। তিনি বলেন, পুরুষ বা নারী হিসেবে নয়, সমাজ ও শিক্ষাঙ্গনে সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। শেকৃবিতে সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কমিটিতে নারী শিক্ষক-কর্মকর্তাদের বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিডিওগ্রাফির ফ্রেমে শিক্ষার্থীরা যেভাবে লিঙ্গ বৈষম্যের বিষয়গুলো ফুটিয়ে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়।

পরে শেকৃবি শিক্ষার্থীদের নিজস্ব রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নতুন নাটক 'বহ্নিশিখা'। শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উদ্দীপনাময় আবহে সমাপ্ত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত