গবেষণায় ইবাদতের সওয়াব

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ এএম

ইসলামের দৃষ্টিতে চিন্তা ও গবেষণা ইবাদতের মর্যাদাপ্রাপ্ত আমল। কোরআন ও হাদিসে বারবার মানুষকে চিন্তা করতে, গবেষণা করতে এবং সৃষ্টিকুলে নিদর্শন খুঁজতে উৎসাহিত করা হয়েছে। আর এই সাধনাই ইমানকে দৃঢ় করে, জীবনকে অর্থবহ করে এবং মহান আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হয়ে ওঠে।

গবেষণার মর্যাদা : কোরআনের বিধান জীবনে বাস্তবায়নের জন্য মানুষকে চিন্তা-ভাবনা ও গবেষণায় উদ্বুদ্ধ করা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘তারা কি হৃদয় দিয়ে ভেবে দেখে না যে, আল্লাহ আকাশমণ্ডলী, পৃথিবী ও এগুলোর অন্তর্বর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য?’ (সুরা রুম ৮)

এই আয়াত স্পষ্টভাবে ইঙ্গিত করে যে, সৃষ্টিকুল নিয়ে চিন্তা-গবেষণা করা ইমানের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, ‘বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?’ (সুরা জুমার ৯)

এ আয়াত থেকে বোঝা যায়, জ্ঞান ও চিন্তাশীলতা মানুষকে মহান আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে।

গবেষণার ফজিলত : হজরত রাসুলুল্লাহ (সা.) জ্ঞান অর্জন ও গবেষণার পথে এগিয়ে যাওয়াকে জান্নাতের পথ সহজ করার মাধ্যম বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে রওয়ানা হয়, মহান আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।’ (সহিহ মুসলিম)

অপর হাদিসে বলা হয়েছে, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর জন্য ফরজ।’ (ইবনে মাজাহ) এই হাদিসটি জ্ঞানার্জনের বাধ্যবাধকতা এবং এর গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরে।

হাদিসে আরও এসেছে, ‘আলেমরা নবীদের ওয়ারিস।’ (তিরমিজি) এ থেকে বোঝা যায়, জ্ঞানী ও গবেষক ব্যক্তি সমাজে ও আল্লাহর দরবারে বিশেষ সম্মানের অধিকারী।

ইসলামের দৃষ্টিতে ইবাদত কেবল নামাজ-রোজা বা জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। চিন্তা ও গবেষণাও ইবাদত, যা আল্লাহর সৃষ্টি ও বিধানকে বুঝতে সাহায্য করে। অবশ্য যেকোনো গবেষণা হতে হবে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে তাতে ইবাদতের সওয়াব পাওয়া যাবে।

আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি (রহ.) বলেছেন, ‘সেই চিন্তা ও গবেষণাই ইবাদতের মর্যাদা রাখে, যা মানুষকে উদাসীনতার জীবন থেকে সচেতন জীবনের দিকে, অপছন্দনীয় বিষয় থেকে পছন্দনীয় বিষয়ের দিকে, মোহ ও লালসার জীবন থেকে সংযম ও অল্পতুষ্টির জীবনের দিকে এবং দুনিয়ার জীবন থেকে পরকালের মুক্তির দিকে নিয়ে যায়।’

চিন্তা ও গবেষণা একটি পূর্ণাঙ্গ ইবাদত, যা মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়, ইমানকে দৃঢ় করে এবং জীবনকে অর্থবহ ও কল্যাণকর করে তোলে। কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে সঠিক নিয়ত ও পদ্ধতিতে গবেষণা করলে তা কেবল জ্ঞানের পথই খোলে না, বরং জান্নাতের পথও সহজ হয়।

লেখক : শিক্ষক ও ইসলামি গবেষক

সর্বশেষ সর্বাধিক পঠিত