আইনমন্ত্রী বললেন

২৪-এর ৫ আগস্টের পর দেশে গায়েবি মামলা হয়নি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ এএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভা শেষে গতকাল রবিবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এক সময় গায়েবি মামলাগুলোর বাদী হতো পুলিশ। কিন্তু গত দুই বছরে পুলিশ বাদী হয়ে একটিও রাজনৈতিক মিথ্যা গায়েবি মামলা করেনি। ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি কারও বিরুদ্ধে মামলা করে, পুলিশ সেটিও খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। তবে মামলা নিতে পুলিশ অস্বীকার করতে পারবে না। আইন তাকে সে ক্ষমতা দেয়নি। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী এ সময় সুন্দরবনের জলদস্যুদের দৌরাত্ম্য কমাতে কোস্ট গার্ড ও প্রশাসন যৌথভাবে কাজ করছে বলে জানান। মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান রোধে প্রশাসনিকভাবে যা যা করার দরকার সবই করা হবে বলেও তিনি জানান।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্ব সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাম্মাদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহা. রবিউল বাশার, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব, সংরক্ষিত আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন, খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ প্রমুখ।

এর আগে আইনমন্ত্রী সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় বিচার বিভাগকে গতিশীল করার জন্য দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ এবং মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

পরে মন্ত্রী বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত