মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি ইউপি সদস্য নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ এএম

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা এলাকায় ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনিতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যের নিহত হয়েছেন। গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি উত্তর পেন্নই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, আনোয়ার মেম্বার তার দলবল নিয়ে গ্রামে প্রবেশ করলে গ্রামবাসী মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে তাদের আটক করে। পরে গণপিটুনিতে আনোয়ার মেম্বারের মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামে আধিপত্য বিস্তার করে অবৈধ ড্রেজিং ব্যবসা থেকে শুরু করে সব অবৈধ কাজে লিপ্ত ছিলেন আনোয়ার মেম্বার। ৫ আগস্টের পর থেকে গ্রামের বাইরে অবস্থান করছিলেন তিনি।

নিহত আনোয়ার মেম্বারের চাচাতো ভাই জসিমের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার মেম্বারকে খুন করা হয়েছে। নিহতের স্ত্রী মোমেনা বেগমের অভিযোগ, পরিকল্পিতভাবে তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ভিন্ন খাতে নিতে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি রবিবার ভোরে আনোয়ার দলবল নিয়ে গ্রামে প্রবেশ করেন। এ সময় গ্রামবাসীর হামলায় তিনি নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত