এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির হাত থেকে নারী এশিয়া কাপের ট্রফি না নেওয়ার সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন ভারতীয় নারী দলের প্রধান কোচ আমল মুজমদার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নেওয়া একটি নীতিগত সিদ্ধান্ত এবং পুরো দল এই সিদ্ধান্তের সঙ্গেই একাত্মতা প্রকাশ করছে।
শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম বারের মতো এশিয়া কাপ জয়ের পর সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কথা বলেন মুজমদার। ট্রফি বয়কটের এই বিতর্কে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “এই সিদ্ধান্তটি বিসিসিআইয়ের নেওয়া এবং আমরা সবাই এর সঙ্গে এক আছি। আমাদের কাছে এই টুর্নামেন্ট এখানেই শেষ, আমরাই চ্যাম্পিয়ন এবং বড় স্কোরবোর্ডে ভেসে ওঠা এই সত্যটুকুই আমাদের জন্য যথেষ্ট।”
তিনি আরও যোগ করেন, “টুর্নামেন্টটি আমাদের জন্য আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। আমরা চ্যাম্পিয়ন হতে পেরে আনন্দিত এবং এখন আমাদের পুরো মনোযোগ সামনের এশিয়ান গেমসের দিকে।”
গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান বধের পরও মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ না করার যে নজিরবিহীন ঘটনা ঘটেছিল, নারী এশিয়া কাপের ফাইনালে এসেও সেই একই স্ট্যান্ড বজায় রাখল ভারত।
এ বিষয়ে কোচ মুজমদার সাফ জানিয়ে দেন যে ট্রফি প্রদান বা এসংক্রান্ত কোনো আপডেট বা পরিস্থিতি নিয়ে তাঁদের দলের মধ্যে কোনো মাথাব্যথা নেই, কারণ চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি হাতে তোলার চেয়ে মাঠের পারফরম্যান্স ও শিরোপা জয়টাই তাদের কাছে মুখ্য।