তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক দুই অভিযানে অবৈধভাবে পরিবহন ও মজুদ করা মোট ৫৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিন ভ্যানচালক ও এক সার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি  নিশ্চিত করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন। 

এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়ন থেকে তিনটি ভ্যানে করে রাসায়নিক সার শালবাহান হাটে নিয়ে আসার সময় স্থানীয় বাজারের লোকজন ভ্যান তিনটি আটক করেন। পরে সার থাকার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইনকে জানায় স্থানীয়রা৷ 

এ সময় তিনটি ভ্যান থেকে মোট ৩৫ বস্তা সার জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেক ভ্যানচালককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় সার সরবরাহকারী রেশমা ট্রেডার্স, তিরনইহাটের ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জিজ্ঞাসাবাদে ভ্যানচালক ছানোয়ার হোসেন জানান, তিরনইহাট এলাকার রিপনের বাড়ি থেকে সারগুলো ভ্যানে তুলে শালবাহান হাটের ধানবাজার এলাকার হারুনের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। 

এদিকে একই রাতে অবৈধভাবে মজুদ করা সারের সন্ধানে পৃথক অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় তিরনইহাট ইউনিয়নের মানিক ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৩ বস্তা সার জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং অভিযান পরিচালনা করি৷ পরে অবৈধ ভাবে সার মজুদের দায়ে জরিমানা করা হয়েছে৷  জব্দকৃত সার পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত