ময়মনসিংহ মেডিকেলে আগুন হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকা-ে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে রোগী ও রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জন নিহত হন।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং তারাকান্দার কুলসুমা (৩৫)। এ ছাড়া এক বছর বয়সী এক অজ্ঞাত শিশুও মারা গেছে। তার পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। এর আগে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোলরুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কন্ট্রোলরুমে আগুন লাগার কারণে ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ বড় না হলেও ধোঁয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

এদিকে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমও এখন সচল আছে। অগ্নিকা-ে হাসপাতালের কোনো ওয়ার্ডের ক্ষতি হয়নি। আগুনের প্রকৃত কারণ এবং বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত