৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর প্রথমে ৮০ উপজেলায়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ এএম

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৭ ধাপে করা হবে। সময়ও লাগবে ৭ মাস। প্রথম ধাপের নির্বাচন হবে ১২ নভেম্বর।

গতকাল সোমবার নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে এ তথ্য জানান কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি সকালে কমিশন সভা করেন। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন এ নির্বাচন কমিশনার।

ব্রিফিংয়ে তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক প্রস্তুতিমূলক সভা করেছি। সাত ধাপে ভোট করার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার বলেন, সাড়ে চার হাজার ইউপির মধ্যে ৭ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর। চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।

মো. সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ভোটের সম্ভাব্য সময় জানালেও এখনো তফসিল ঘোষণা করা হয়নি। শিগগিরই ইসি নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত