বিএফডিসিতে মুজতবা সউদকে স্মরণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ এএম

স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক, কাহিনিকার ও চিত্রনাট্যকার মুজতবা সউদকে স্মরণ করেছেন তার সহকর্মী ও সংস্কৃতিজনরা। রবিবার বিকেলে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

চলচ্চিত্র সাংবাদিক শরীফুল আজমের সভাপতিত্বে ও সৌমিক হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, কিংবদন্তি অভিনেতা আলমগীর, বাপ্পারাজ, আমিন খান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, সিনিয়র সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দি, পরিচালক ছটকু আহমেদ, শাহ আলম কিরণ, রায়হান মুজিব, মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, অভিনেত্রী ফাল্গুনী হামিদ ও সংস্কৃতিজন ম. হামিদ।

বক্তারা বলেন, চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনায় নিবেদিতপ্রাণ ছিলেন মুজতবা সউদ। ইতিহাস ও শিল্পী-কলাকুশলীদের নিয়ে তার লেখালেখি নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সক্রিয় সদস্য মুজতবা সউদ ‘চাঁদের মতো বউ’ ছবির জন্য ২০০৯ সালে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। গত ৩০ আগস্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে তাকে মিরপুরের কালশী কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত