দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদন্ড

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ১০- এর বিচারক মো. রবিউল ইসলাম আসামিকে কারাদন্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছেন। দুদকের নোটিস অনুযায়ী, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এ সাজা পেয়েছেন সুপর্ণা সুর চৌধুরী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালে ২৭ অক্টোবর সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার স্বামী এসকে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য বলা হয়। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদবিবরণী দাখিল করেননি।

পরে একই বছর ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে এ মামলাটি করে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত আসামিকে এ দন্ড- দেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত