একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি; 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি; রেলপথ মন্ত্রণালয়ের দুটি এবং পল্লী উন্নয়ন ও সমবায়; শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্পগুলো হলো— ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’; ‘রাজশাহী সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’; ‘চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (তৃতীয় পর্যায়)’; ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুট (প্রথম সংশোধিত)’ এবং ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) (প্রথম সংশোধিত)’।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প দুটি হলো— ‘বরিশাল সেনানিবাস, বরিশাল স্থাপন-দ্বিতীয় পর্যায়’ এবং ‘খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ’।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘খুলনা পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)’ অনুমোদন দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্প দুটি হলো— ‘নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে বাংলাদেশ রেলওয়ের বিদ্যুৎ ট্র্যাকশন বাস্তবায়ন’ এবং ‘বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (প্রথম সংশোধন)’।

এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দ্য ইমপ্রুভড ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন ফর ওয়ার্কার্স ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর’ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে— ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত)’; ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ (প্রথম সংশোধিত)’; ‘ভাসানচরে গ্রিন বেল্ট স্থাপন ও কক্সবাজারে রোহিঙ্গা-আক্রান্ত এলাকায় পুনঃবনায়ন (প্রথম সংশোধিত)’; ‘দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ’; ‘অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (প্রথম পর্যায়, প্রথম সংশোধিত)’ এবং ‘রংপুর জোনে জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন (প্রথম সংশোধিত)’।

এ ছাড়া ‘৫ম তলা থেকে ১০ম তলা পর্যন্ত আরডিএ ভবন নির্মাণ’; ‘জালালাবাদ সেনানিবাস এসআইঅ্যান্ডটির সক্ষমতা বৃদ্ধির জন্য কোয়ার্টার গার্ড ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ’; ‘বন্যা পূর্বাভাস সক্ষমতা বৃদ্ধির জন্য সিলেট বিভাগের ডিজিটাল এলিভেশন (থ্রিডি) মডেল প্রস্তুতকরণ (প্রথম সংশোধন)’; ‘ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের অবকাঠামো উন্নয়ন’; ‘মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনার অধিকতর অবকাঠামো উন্নয়ন’; ‘স্ট্রেংদেনিং সোশ্যাল প্রোটেকশন ফর ইমপ্রুভড রেজিলিয়েন্স, ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং (এসএসপিরিট) (প্রথম সংশোধিত)’; ‘বরগুনা জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও ডরমেটরি ভবন নির্মাণ’; ‘দিনাজপুর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ও ইনডোর স্টেডিয়াম নির্মাণ’ এবং ‘সিলেট-১০ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খনন (প্রথম সংশোধিত)’ প্রকল্প রয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত