রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাফসাদ মোস্তফা রুহিন ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও পুলিশের ধারণা, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপড়েনের জেরে তিনি আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকালে ডাইনিং রুমসংলগ্ন একটি ছোট কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করার তথ্য দেন হাজারীবাগ থানার এসআই মো. শামীম মিয়া।
স্বজনদের ধারণা, গত মঙ্গলবার রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় গলায় ফাঁস দেন রাফসাদ। গতকাল সকালে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
এসআই শামীম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে দুপুরে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও হাসপাতালের নথি অনুযায়ী, রাফসাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায়। হাজারীবাগের ঝিগাতলা সড়কের একটি বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তার বড় ভাই মালয়েশিয়ায় থাকেন।