জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে শিশুশ্রমের প্রতিবাদ জানিয়ে এবং সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন তুলে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী এক ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের ক্যান্টিনে এই প্রদর্শনী শুরু হয়। আগামী পাঁচদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন।
প্রদর্শনীটির আয়োজক বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আসিফ রহমান বলেন, ক্যাম্পাসের বড় বড় নেতা, জাকসু ও হল সংসদের নেতাদের অনেকেই আল বেরুনী হলে থাকেন এবং প্রতিনিয়ত এই ক্যান্টিনে খাবার খান। আমরা সাধারণ শিক্ষার্থীরাও খাচ্ছি। কিন্তু যেসব বাচ্চাদের হাত থেকে খাবারটা গ্রহণ করছি, এই বাচ্চাদের তো আমাদের মতো পড়াশোনা করতে বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। কিন্তু তারা কাজ করছে। হয়তো তাদের পারিবারিক বাধ্যবাধকতার কারণেই কাজ করতে হচ্ছে, তাই তাদের হঠাৎ ছাঁটাই করে দেওয়াও সম্ভব নয়।