জুলাই আন্দোলনের সময় ঢাকার খিলগাঁও এলাকায় গুলিতে বিএনপি কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে গত মঙ্গলবার রাব্বীর মামা যুবদলের খিলগাঁও থানা ঝিলপাড় ইউনিটের সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার এ মামলার আবেদন করেন। আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া গতকাল বুধবার বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২ নভেম্বর মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক তিন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, সাবেক তিন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম। এ ছাড়া সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এবং সাবেক চার আইজিপিÑ শহীদুল হক, বেনজীর আহম্মেদ, জাবেদ পাটোয়ারী ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।