রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক কলেজশিক্ষিকা নিহত হয়েছেন। তিনি আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। মেরাদিয়ার নয়াপাড়া এলাকায় থাকতেন তিনি। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। স্বামী প্রবাসে থাকেন। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে তিশা পরিবহনের আরেকটি বাসের চাকার নিচে পৃষ্ট হন। পথচারীরা গুরুতর আহতাবস্থায় তাকে ফরাজি হাসপাতালে ভর্তি করান। স্বজনরা খবর পেয়ে রাতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।