রেললাইনের পাশে পড়েছিল যুবকের অর্ধগলিত মরদেহ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

গাইবান্ধা সদরে রেলনাইনের পাশ থেকে আবদুল সামাদ মিয়া নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিমুলতাড়ই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আবদুল সামাদ মিয়া (৩৫) গাইবান্ধা সদর সাবুদখাল গ্রামের মৃত আবদুল সালাম মিয়ার ছেলে।

গাইবান্ধা রেলওয়ে ফাঁড়ি থানার ইনস্পেক্টর ইনচার্জ (আইসি) সাহেব গণি জানান, সকালে রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখে গাইবান্ধা রেলস্টশন মাস্টারকে জানায়। পরে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। অর্ধগলিত মরদেহের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে বায়োমেট্রিক করে পরিচয় শনাক্ত করা হয়।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই মরদেহের  ছবি পোস্ট করে স্থানীয়রা। পরে নিহত যুবকের চাচাতো ভাই সাজু মিয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্ত্রী ময়না বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন থেকে আবদুল সামাদ মিয়া মানসিক রোগে ভুগছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত