মোহাম্মদপুরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল-টাকা ছিনতাই

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে হৃদয় মিয়া (২৫) নামে এক মুদি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মোহাম্মদপুরের সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। আহত হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

হৃদয়ের বন্ধু মো. বিপ্লব জানান, হৃদয়ের বাসা রাজধানীর হাজারীবাগের গণকটুলী এলাকায়। ধানমন্ডিতে তার একটি মুদি দোকান রয়েছে। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন হৃদয়। পথে সাদেক খান রোডে ৪-৫ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা হৃদয়কে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে আহত করে। পরে তার কাছ থেকে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানান বিপ্লব।

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে হাজারীবাগের বাসায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হৃদয়ের পিঠ ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় চলে গেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত