মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ায় সৌদি আরব-সমর্থিত বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের লড়াই থেকে বাঁচতে লোহিত সাগর পাড়ি দিয়ে নৌকায় করে পালাচ্ছেন ইয়েমেনিরা। খবর রয়টার্সের।
আইওএম জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ইয়েমেনে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের বেশির ভাগই দেশের ভেতরেই অন্যত্র আশ্রয় নিয়েছেন।
হুথি নিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লোহিত সাগর উপকূলের কাছে সৌদি সীমান্তসংলগ্ন হাজ্জাহ প্রদেশে এবং আরও দক্ষিণে অভ্যন্তরীণ এলাকায় তাইজের আশপাশে নতুন করে সৌদি বিমান হামলা হয়েছে।
গত সপ্তাহ থেকে দ্রুতগতির অভিযানের মাধ্যমে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথিরা। তাদের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি বিমানবাহিনী শত শত বিমান হামলা চালিয়েছে। জবাবে সীমান্তের ওপারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরাও।
বুধবার হুথিরা দাবি করে, তারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। রাতভর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি বিধ্বস্ত বিমানের পোড়া ধ্বংসাবশেষের পাশে হুথি যোদ্ধারা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছেন। তাদের হাতে থাকা সামরিক বিমানের একটি ডানার অংশে সৌদি আরবের সামরিক বাহিনীর প্রতীকও দেখা যায়।
ইয়েমেন ও সৌদি আরবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহের সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ থেকে ১১০ ডলারের মধ্যে ওঠানামা করছে, যা মে মাসের পর সর্বোচ্চ। একই সময়ে ভোক্তা ও শিল্প খাতে জ্বালানির ব্যয় আরও দ্রুত বেড়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা মূল্য প্রতি গ্যালনে প্রায় ৬ দশমিক ৪০ ডলারে পৌঁছে সর্বকালের নতুন রেকর্ড করেছে।
হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত তা প্রত্যাখ্যান করে আসছেন। গত বছর ওয়াশিংটনের দুই মাসের বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে হুথিরা একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।