ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই: চসিক মেয়র

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, এডিস মশা দল-মত বা শ্রেণি-পেশা ভেদে কাউকেই রেহাই দেয় না। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি কর্পোরেশনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও ঐতিহাসিক রাণীর দিঘী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

অভিযানকালে এনায়েত বাজার এলাকার সম্ভাব্য মশার প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়। মশক নিধনে চসিকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকালে লার্ভিসাইড এবং বিকেলে এডাল্টিসাইড ছিটানো হচ্ছে বলে জানান আয়োজকেরা।

বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানির বিষয়ে সতর্ক করে মেয়র বলেন, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র বা পলিথিনে জমে থাকা পানি নিয়মিত পরীক্ষা ও পরিষ্কার করতে হবে। দুই-তিন দিন ধরে জ্বর অব্যাহত থাকলে আতঙ্কিত না হয়ে দ্রুত পরীক্ষা করতে হবে।

চিকিৎসাসেবা প্রসঙ্গে মেয়র বলেন, চসিক পরিচালিত মেমন হাসপাতালে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’ চালু করা হয়েছে। যেখানে বিনামূল্যে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা ও চিকিৎসার সুযোগ রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ইউনিটের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত