সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা জারি

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিরাই শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার থানা পয়েন্টে বিএনপির একটি পক্ষের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অন্যদিকে, এ কর্মসূচির বিরোধিতা করে অবস্থান নেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দুই পক্ষের মিছিল ও পাল্টা মিছিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দিরাই থানা পুলিশ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত