হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ বলেছেন, কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। দেশের কৃষিকে সমৃদ্ধ করার দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালাইড সায়েন্সেস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম ও প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক সাদিয়া তাসনিম।
জি কে গউছ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন শিক্ষার্থীদের জন্য দিনটি আনন্দ ও আবেগের। ওরিয়েন্টেশনের মাধ্যমে তারা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলে শিক্ষার্থীরা একদিন দেশ ও পরিবারের সম্পদে পরিণত হবে।
তিনি বলেন, কৃষির উন্নয়নের মাধ্যমে দেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ তৈরি করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ’ এই কথা সবসময় মনে রাখতে হবে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সদিচ্ছা এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। তবে দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালুর ব্যবস্থা করা প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
জি কে গউছ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জন্য বই কেনার ক্ষেত্রে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। গত সাতদিন আগে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। এসব বই শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
স্বাগত বক্তব্য দেন সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও ক্রপ প্রোডাকশন বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. বদরুল আমীন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক নবীন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় তথা ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।