মেসির ক্লাবে মাদ্রিদের কোচ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

স্প্যানিশ ক্লাব এলদেনসে কিনে নেওয়ার পর নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন লিওনেল মেসি। আর এই নতুন যাত্রার শুরুতেই মেসির মালিকানার অধীনে আসার পর ক্লাবের প্রথম প্রধান কোচ হিসেবে মাদ্রিদে জন্ম নেওয়া অভিজ্ঞ কোচ জাভি কালেহাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ক্লাবটি কেনার এই চুক্তিতে স্পেনের ক্রীড়া কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন পাওয়া এখনো বাকি আছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গতকাল জাভিকে কোচ হিসেবে নিযুক্ত করার বিষয়টি জানিয়েছেন এলদেনসে। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির ডাগআউটে দায়িত্ব পালন করবেন ৪৮ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।

ক্লাউদিও বাররাগানের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জোসেপ ফেরান্দোর সংক্ষিপ্ত মেয়াদের পর এলদেনসের দায়িত্ব নিচ্ছেন মাদ্রিদের এই কোচ। স্প্যানিশ ফুটবলে তার রয়েছে দারুণ অভিজ্ঞতা। এর আগে তিনি লা লিগা ও সেহুন্দা দিভিসিওনের ক্লাব ভিয়ারিয়াল, আলাভেস, লেভান্তে এবং রিয়াল ওভিদোর মতো দলগুলো সফলভাবে সামলেছেন। স্পেনের পাট চুকিয়ে তিনি কিছুদিন সৌদি আরবের ক্লাব আল-রিয়াদেও কোচিং করিয়েছেন।

সদ্য দ্বিতীয় বিভাগে উন্নীত হওয়া এলদেনসে চলতি মৌসুমে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে গত সপ্তাহে। স্পোর্টিং গিজনকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। চলতি মৌসুমে দুই হার ও দুই ড্রয়ের পর শুরুর পাঁচ ম্যাচে এটি তাদের প্রথম জয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত