আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন (ওয়াসা) কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. ইদ্রিস মিয়া বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইদ্রিস মিয়া।
গত ২১ মে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এর আগে গত ২০২৪ সালের অক্টোবর মাসে তৎকালীন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহকে অপসারণ করা হলে প্রায় ১৮ মাস খালি ছিল এই পদটি।