যুক্তরাষ্ট্রের নর্থ মিশিগানে একটি সামরিক প্রশিক্ষণ মহড়া চলাকালে দেশটির বিমান বাহিনীর একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঘটা এ দুর্ঘটনায় বিমানটির পাইলট সময়মতো বেরিয়ে আসতে পেরেছেন।
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড ইউনিটের অন্তর্ভুক্ত ছিল।
টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের ১৪৯তম ফাইটার উইংয়ের অন্তর্ভুক্ত ছিল। মিশিগানের আলপেনায় অবস্থিত ন্যাশনাল গার্ড ঘাঁটি থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় ট্র্যাভার্স সিটির দক্ষিণে গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির একটি মাঠে বিমানটি আছড়ে পড়ে।
দুর্ঘটনার অডিও রেকর্ডিং অনুযায়ী, বিমানের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে সহ-পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, বিমানটি কোনো পাখির সাথে ধাক্কা খেয়ে থাকতে পারে (বার্ড স্ট্রাইক)। তবে নিয়ন্ত্রণ হারানোর পর পাইলট নিরাপদে ইজেক্ট করেন।
মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, এতে কেউ হতাহত হননি এবং হাসপাতালে চিকিৎসাধীন পাইলটের অবস্থা আশঙ্কামুক্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে আগুনের বিরাট কুণ্ডলী ও ঘন কালো ধোঁয়ার মেঘ দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান, যা বিমানের গোলাবারুদ থেকে হচ্ছিল বলে পুলিশ জানায়।
দুর্ঘটনার পর বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এক মাইল ব্যাসার্ধের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাত ১০টার দিকে তাদের ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়।
ইউএস সামরিক বাহিনী দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
ওয়াশিংটনে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান