ফের মা হলেন ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন! স্বামী জেক বনজোভির সঙ্গে দত্তক নেওয়ার মাধ্যমে পুত্রসন্তানকে পরিবারে স্বাগত জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিলি। সদ্যোজাতের ছোট্ট হাতের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’ ছবিতে তার আঙুলে ‘মম’ লেখা একটি আংটিও দেখা যায়।
মিলি ও জেকের প্রথম সন্তানও দত্তক নেওয়া। ২০২৫ সালের আগস্টে তারা একটি কন্যাশিশুকে দত্তক নেন। এবার পুত্রসন্তানকে স্বাগত জানানোর মধ্য দিয়ে চার সদস্যের পরিবার হলো তাদের। ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন মিলি ও জেক। নিজেদের পারিবারিক জীবনের খুব বেছে নেওয়া কিছু মুহূর্তই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারা। ফলে নতুন অতিথির আগমনের খবরটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।
২০২১ সালে মিলি ও জেকের প্রেমের গুঞ্জন ছড়ায়। এরপর ২০২৪ সালে বিয়ে করেন তারা। বিয়ের পর থেকে সম্পর্ক ও পারিবারিক জীবন অনেকটাই ব্যক্তিগত রেখেছেন এই দম্পতি। চলতি বছরের জুনে কাইলি কেলসির পডকাস্ট ‘নট গনা লাই’-এ ভবিষ্যতে আরও সন্তান দত্তক নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মিলি। সমাজকর্মী হওয়ার জন্য পড়াশোনা করার সময় দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু জেনেছেন বলেও জানান তিনি। তার ভাষ্য, দত্তক নেওয়া বরাবরই তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ ছিল।
বিয়ের আগেই মা হলেন লেডি গাগা