ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের কুইজ ফেস্টের সমাপ্তি হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডিইউকিউএসের সভাপতি রোদাবা জামান আদৃতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান। এ সময় ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিভাগে এ কুইজ ফেস্ট আয়োজন করা হয়। বিভাগগুলো হলো—ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল, ইন্টার-ক্লাব, সোলো কুইজ ও নোভিস কুইজ। এর মধ্যে নোভিস কুইজে শুধু বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীরা অংশ নেন।
বিভিন্ন জোনভিত্তিক কুইজ থেকে নির্বাচিত দল নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল ও সোলো কুইজ মেগা ফরম্যাটে দুটি রাউন্ডে আয়োজন করা হয়। ইন্টার-ক্লাব বিভাগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী কুইজাররা অংশ নেন।
ইন্টার-ডিপার্টমেন্ট বিভাগে বিভিন্ন বিভাগ ও অনুষদ থেকে ৭৯টি দল অংশ নেয়। অন্যদিকে, বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা ইন্টার-হল বিভাগে অংশগ্রহণ করেন।
বিভিন্ন বিভাগের কুইজমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সিয়াম লাবিব, মো. রিফাত হোসেন, মোহাম্মদ আরিফ, হিমেল হাসান আকাশ, মো. আবির হোসেন, ফাতেহি নূর লিজা, সাব্বির হোসেন কাব্য, মেহের নিগার নাঈমা বিনতে আব্দুল্লাহ এবং শাহ মো. ইয়াসিন জাবেদ।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী মেধার বিকাশ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সর্বদা দেশ ও জনকল্যাণে কাজ করতে হবে।