দেখতে এত খারাপ লাগে
শিক্ষক : মালিহা, পরীক্ষার খাতায় এত বড় করে নাম লিখেছ কেন?
মালিহা : কী করব, স্যার? উত্তরগুলো এত ছোট ছোট, আর খালি খাতা দেখতে এত খারাপ লাগে...
এমন আরেক জোড়া আছে
ডট : কিরে ড্যাশ, আজ দুপায়ে দুরকম মোজা কেন?
ড্যাশ : এবারে দোকানদার মনে হয় এমন মোজাই এনেছে। বাড়িতে আমার এ রকম আরেক জোড়া মোজা আছে।
বাবার স্কুল
মিন্তি : বাবা, আজ স্কুলে না গেলে হয় না?
বাবা : কেন, স্কুলে যাবে না কেন?
মিন্তি : আমি আমার কথা বলছি না। তোমার কথা বলছি। আজ পিটিএ। আজ তোমার স্কুলে পিটিএ-তে তোমার না গেলে হয় না?
মাকে বুঝতে হবে
বড় চাচা : রাজু-সাজু, তোমাদের মনে রাখতে হবে, যদি বড় হতে চাও তাহলে বড় স্বপ্ন দেখতে হবে...
রাজু : (সাজুকে) এটা আমাদের না বলে মাকে বললে ভালো হয় না? বেশি করে তো ঘুমাতেই দেয় না। বেশি সময় না ঘুমালে বড় স্বপ্ন দেখব কীভাবে?
বড় ছোট দিনের কারণ
বিজ্ঞানের ক্লাস চলছে। শিক্ষক বোঝাচ্ছেন কেন দিন বড় বা ছোট হয়। এরপর কে কতটা বুঝেছে পরীক্ষা করার জন্য শাকিবকে জিজ্ঞেস করলেন
শিক্ষক : বলো তো শাকিব, গ্রীষ্মকালে দিন বড় হয় কেন?
শাকিব : কাঁঠাল পাকতে বেশি সূর্যের তাপ লাগে যে!
শিক্ষক : তাই? তাহলে শীতকালে দিন ছোট হয় কেন?
শাকিব : শীতের মিঠা ভিজে নরম হতে বেশি সময় লাগে যে, স্যার!
বাবা মনে হয় দুষ্টু
মা : নারিতা, মা, দুষ্টুমি করো না!
নারিতা : দুষ্টুমি করলে কী হয় মা?
মা : দুষ্টুমি করলে তোমাকে স্কুলে রেখে আসব?
নারিতা : বাবা খুব দুষ্টু, তাই না মা?
মা : কেন?
নারিতা : এজন্যই তো সকাল হলেই বাবাকে স্কুলে পাঠিয়ে দাও!
গ্রন্থনা : শাহ জামান