গণেশপূজা উপলক্ষে রাজনীতিবিদ আশিস শেলারের বাসভবনে উপস্থিত হয়ে চরম অস্বস্থিকর পরিস্থিতিতে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান। তারকাকে একনজর দেখতে আসা অনেক মানুষের ভিড়ে মূল পথ বন্ধ হয়ে গেলে সালমান নিজেই হাতজোড় করে পথ ছাড়ার অনুরোধ জানান।
ভিড় ঠেলে গাড়িটি এগোতেই ঘটে নতুন বিপত্তি। এক ব্যক্তির পায়ের ওপর গাড়ির চাকা উঠে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে চালককে কড়া ধমক দিতে দেখা যায় সালমানকে। এই ভিডিও দেখে প্রাথমিক অবস্থায় নেটিজেনরা তার আচরণের কড়া সমালোচনা করেন।
তবে পরবর্তী সময়ে প্রকাশ পাওয়া দীর্ঘ ভিডিওতে উন্মোচিত হয় আসল ঘটনা। অতিরিক্ত ভিড়ের কারণে চালকের দৃশ্যমানতা আটকে গিয়েছিল। গাড়িটি যেন একটি শিশুর ওপর উঠে না যায়, তা সুনিশ্চিত করতেই সালমান চালককে গাড়ি থামাতে বলেন। প্রকৃত সত্য সামনে আসায় সালমান খানের এই তৎপরতা ও দায়িত্বশীলতার প্রশংসা করছেন অনুরাগীরা।