আলমগীরকে শ্রেষ্ঠ অভিনেতা বললেন কাজী হায়াৎ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

১৯৭৯ সাল থেকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। নিজের ক্যারিয়ারে মোট ৫২টি সিনেমা পরিচালনা করেছেন এবং পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে অর্জন করেছেন ৯টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার পরিচালিত প্রতিটি সিনেমার কাহিনি ও চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন। দীর্ঘ এই দীর্ঘ ক্যারিয়ারে তার নির্দেশনায় কাজ করা অভিনয়শিল্পীদের মধ্যে দেশবরণ্যে নায়ক আলমগীরকে সবচাইতে এগিয়ে রেখেছেন তিনি। কাজী হায়াতের মতে, অভিনেতা হিসেবে আলমগীরকে নিঃসন্দেহে ‘দশে দশ’ দেওয়া যায় এবং নিজের পরিচালিত ছবিগুলোর বিচারে তিনিই শ্রেষ্ঠ অভিনেতা।

সম্প্রতি দেশের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিনেমা ও নিজের জীবনের নানা অজানা তথ্য শেয়ার করেন এই গুণী নির্মাতা। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পর্বটি শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হতে যাচ্ছে। জেড আই ফয়সাল প্রযোজিত এই পর্বে জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্প তুলে ধরেন ‘আম্মাজান’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’ ও ‘লুটতরাজ’-এর মতো কালজয়ী সিনেমার এই রূপকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত