শুরুতেই আবাহনীর ড্র, ফর্টিজের গোলবন্যা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম হয়েছে। শুক্রবার প্রথম দিনেই দেখা গেছে ভিন্ন দুই চিত্র। গত দুই মৌসুমের রানার্সআপ আবাহনী লিমিটেড গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছে, আর ফর্টিজ এফসি নবাগত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।

মানিকগঞ্জে পিডব্লিউডির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আবাহনী। পুরো ম্যাচে একাধিকবার আক্রমণে গেলেও প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি তারা। পিডব্লিউডিও কয়েকটি সুযোগ তৈরি করেছিল, তবে তারাও গোলের দেখা পায়নি। নতুন মৌসুমে আবাহনীর অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াছিন খান। তবে অধিনায়ক হিসেবে তার প্রথম ম্যাচটি জয় দিয়ে রাঙানো সম্ভব হয়নি। বিদেশি খেলোয়াড়রা এখনো দলের সঙ্গে যোগ না দেওয়ায় সম্পূর্ণ স্থানীয় ফুটবলার নিয়েই মাঠে নামে আবাহনী। বিপরীতে পিডব্লিউডির একাদশে ছিলেন ক্যামেরুন ও জার্মানির একজন করে খেলোয়াড়।

অন্যদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিজ এফসির সামনে দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম সিটি। ৬-০ গোলের বড় জয়ে লিগে শুভসূচনা করেছে ফর্টিজ। প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি ভেঙে পড়ে নবাগত দলটি। ফর্টিজের এই বড় জয়ের পেছনে প্রস্তুতির বড় পার্থক্যও স্পষ্ট হয়েছে। দলটি এএফসি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে প্রায় আড়াই মাস ধরে অনুশীলন করছে। বিপরীতে চট্টগ্রাম সিটি লিগের প্রথম ম্যাচের আগে মাত্র একটি অনুশীলন সেশন করতে পেরেছে। ফলে শারীরিক সক্ষমতা ও ম্যাচ প্রস্তুতিতে তারা অনেকটাই পিছিয়ে ছিল। ম্যাচ শেষে ফর্টিজের কোচ মাসুদ কায়সার বলেন, ‘ফুটবলে মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হয়। সেটা না নিলে ভুগতে হবেই। চট্টগ্রামের দলটি সেভাবে অনুশীলন করতে পারেনি। তাই তারা রানিংয়েও অনেক পিছিয়ে ছিল আমাদের চেয়ে।’ চট্টগ্রাম সিটির রক্ষণভাগের দুর্বলতাও ম্যাচে চোখে পড়েছে। দুই সেন্টারব্যাকসহ ডিফেন্ডারদের প্রতিপক্ষের ফরোয়ার্ডদের সঙ্গে বল দখলের লড়াইয়ে খুব একটা দেখা যায়নি। ফলে ফর্টিজের আক্রমণভাগ বেশ সহজেই একের পর এক গোলের সুযোগ তৈরি করেছে। চট্টগ্রাম সিটির প্রধান কোচ জুলিও মরিনোও ম্যাচে উপস্থিত ছিলেন না। কানাডিয়ান এই কোচ এখনো বাংলাদেশে এসে পৌঁছাননি। লিগের প্রথম দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জে নবাগত ঢাকা সিটি ক্লাব ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। নতুন ভেন্যু চাঁদপুরে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে এবং গাজীপুরে বাংলাদেশ পুলিশ এফসি ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত