কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১০২ দশমিক ৫ কেজি গাঁজাসহ মো. সালাউদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০।

গ্রেপ্তার সালাউদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ি কবরস্থানের পাশের এলাকার মো. ইয়ামিনের ছেলে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় সক্রিয় মাদক ব্যবসায়ী মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এএসপি তপন সরকার বলেন, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার লক্ষ্যে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত