পেশাদার ফুটবল লিগ মৌসুমের প্রথম ম্যাচেই হোঁচট খেলো গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গোপালগঞ্জ স্টেডিয়ামে শেষ মুহুর্তের গোলে বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।
বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুমের দ্বিতীয় দিনে আজ পেনাল্টি থেকে খেলার ৩২ মিনিটে নেপালের অঞ্জন বিসতা গোল করে এগিয়ে নিয়েছিলেন বসুন্ধরা কিংসকে। এই স্কোর লাইন রেখেই খেলায় জিততে যাচ্ছিল তারা। কিন্তু ইনজুরি টাইমের একেবারে শেষ মিনিটে হেডে গোল করে সমতা ফেরান আরামবাগের সামিন ইয়াসির জুয়েল।
এবারের মৌসুম শুরুর আগে মাঠের বাইরে বেশ কঠিন সময় পার করতে হয়েছে কিংসকে। ফিফার নিষেধাজ্ঞার কারণে খেলোয়াড় নিবন্ধন নিয়ে জটিলতা তৈরি হলেও, শেষ মুহূর্তে গত ৩ সেপ্টেম্বর দল গোছাতে সক্ষম হয় তারা। তবে গতবারের চ্যাম্পিয়ন স্কোয়াডের চেনা মুখগুলোর অনেকেই এখন আর নেই। দল ছেড়েছেন আনিসুর রহমান জিকো, সাদ উদ্দিন, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমনের মতো তারকারা। আবার ইনজুরির কারণে বাইরে ছিলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। তাছাড়া জাতীয় দলের ক্যাম্পে ব্যস্ত থাকায় স্কোয়াডে ছিলেন না গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয় ও ফরোয়ার্ড রাকিব হোসেনের মতো নিয়মিত ফুটবলাররা।
অভিজ্ঞ ও পরীক্ষিত খেলোয়াড়দের অনুপস্থিতির সুযোগ নিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিংসের ওপর চাপ বাড়ায় আরামবাগ। বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও কিংস গোলরক্ষক পাপ্পু হোসেনের অসাধারণ কিছু সেভ দলের পতন ঠেকিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, অঞ্জন বিসতার ওই একমাত্র গোল এবং পাপ্পুর দারুণ নৈপুণ্যেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে কিংস।
কিন্তু ম্যাচের একদম শেষ বাঁশির আগে সব হিসাব পাল্টে যায়। বাম প্রান্ত থেকে মুসার বাড়ানো নিখুঁত ক্রসে হেডের মাধ্যমে আরামবাগের কাঙ্ক্ষিত গোলটি আদায় করেন সামিন ইয়াসির। কিংস গোলকিপার পাপ্পু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। সারা ম্যাচে দুর্দান্ত খেলা এই গোলরক্ষক কেবল শেষ মুহূর্তেই পরাস্ত হন, আর তাতেই জয় নিশ্চিত করার আনন্দ ফিকে হয়ে যায় কিংস শিবিরের।
ফিরেই বড় চমক মানচিনির: ইতালির দলে ৯ নতুন মুখ